নগদ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যাহার

৩০ আগষ্ট, ২০২৩ ০১:০০  

ডিজিটাল ব্যাংক গঠনের প্রস্তুতি হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসির লাইসেন্স প্রত্যাহার করে নিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) নগদ। গত মে মাসে নগদ ফাইন্যান্স পিএলসির লাইসেন্স নিলেও ব্যবসায় শুরুর আগেই তিন মাসের মাথায় লাইসেন্সটি প্রত্যাহার করে নিলো প্রতিষ্ঠানটি। আর এর মাধ্যমে দেশের আর্থিক খাতের কোনো প্রতিষ্ঠান এই প্রথম তাদের লাইসেন্স ফিরিয়ে নিলো।

নগদ ফাইন্যান্স পিএলসির লাইসেন্স প্রত্যাহার বিষয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

গত ১০ জুলাই ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) লাইসেন্স বাতিল চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে প্রতিষ্ঠানটি। পরে ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নগদ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যহারের আবেদেন গ্রহণ করা হয়।

সম্প্রতি নগদের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়। তবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করার আগেই নগদ ফাইন্যান্স পিএলসি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স সমর্পণের আবেদন করে চিঠি পাঠায়।

অনুমোদন দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ কে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছে।

সূত্রমতে, অর্থায়ন ব্যবসায় ডিজিটাল ব্যাংক এর একটি অংশ হওয়ায় ক্ষুদ্র লাইসেন্সটি প্রত্যাহার করে পুরোপুরি ক্যাশলেস আর্থিক ব্যবসায় নামতে যাচ্ছে নগদ।